অ্যাপেন্ডিসাইটিস কী?
বৃহদন্ত্রের সাথে লাগানো আঙুলের মতো ছোট অংশটার নাম অ্যাপেন্ডিক্স। এতে প্রদাহ হলে তাকে অ্যাপেন্ডিসাইটিস বলে। যেকোনো বয়সে হতে পারে, তবে কিশোর আর তরুণদের বেশি হয়।
লক্ষণ
- নাভির চারপাশে ব্যথা শুরু হয়, কয়েক ঘণ্টায় ডান তলপেটে সরে আসে
- হাঁটলে, কাশি দিলে বা গাড়ির ঝাঁকুনিতে ব্যথা বাড়ে
- ক্ষুধা না থাকা, বমিভাব বা বমি
- হালকা জ্বর
শিশু, বয়স্ক আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে লক্ষণ অন্যরকম হতে পারে।
কীভাবে বোঝা যায়?
পেট পরীক্ষা, রক্তের পরীক্ষা (সিবিসি), প্রস্রাব পরীক্ষা আর আল্ট্রাসাউন্ড করা হয়। দরকার হলে সিটি স্ক্যান। মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয় বা জরায়ুর সমস্যা আলাদা করে দেখতে হয়।
চিকিৎসা
মূল চিকিৎসা অ্যাপেন্ডিক্স কেটে ফেলা (অ্যাপেন্ডিসেক্টমি), ল্যাপারোস্কপিক বা ওপেন পদ্ধতিতে। কিছু নির্বাচিত হালকা ক্ষেত্রে শুধু অ্যান্টিবায়োটিক বিবেচনা করা হয়, তবে পরে আবার হওয়ার ঝুঁকি থাকে।
সাধারণ অ্যাপেন্ডিসাইটিসে অপারেশনের পর এক-দুই দিনে বাড়ি ফেরা যায়।
দেরি করলে কী হয়?
- অ্যাপেন্ডিক্স ফেটে যেতে পারে (পারফোরেশন)
- পুরো পেটে পুঁজ ছড়িয়ে পড়তে পারে (পেরিটোনাইটিস)
- পেটের ভেতর ফোড়া হতে পারে
তখন অপারেশন বড় হয়, হাসপাতালে বেশি দিন থাকতে হয়।
যা করবেন না
- ডাক্তার না দেখিয়ে বারবার ব্যথার ওষুধ খেয়ে ব্যথা চেপে রাখবেন না
- জোলাপ বা পায়খানা নরম করার ওষুধ খাবেন না
কখন দেরি করবেন না
ডান তলপেটে বাড়তে থাকা তীব্র ব্যথা, সাথে জ্বর বা বমি, অথবা ব্যথা পুরো পেটে ছড়িয়ে পেট শক্ত হয়ে গেলে চেম্বারের অপেক্ষা না করে এখনই হাসপাতালের জরুরি বিভাগে যান।
প্রশ্ন ও উত্তর
অ্যাপেন্ডিক্স ফেলে দিলে কি কোনো ক্ষতি হয়?
না। অ্যাপেন্ডিক্স ছাড়া মানুষ সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করেন।
বারবার হালকা ডান তলপেটে ব্যথা হলে কী করবো?
চেম্বারে দেখান। এর অনেক কারণ থাকতে পারে, পরীক্ষা করে আসল কারণ বের করতে হয়।
এই লেখা শুধু জানার জন্য, চিকিৎসার বিকল্প না। নিজের সমস্যার জন্য ডাক্তার দেখান। জরুরি অবস্থায় নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে যান বা ৯৯৯-এ ফোন করুন। লেখাটি পর্যালোচনা করেছেন ডা. কামরুল হাসান রাফি।